![]()
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণাকে কড়া সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশনার অনেক দিক এখনো অস্পষ্ট। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে কোনো ধরনের অবরোধ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে।
ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময় থেকে ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হবে। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে প্রবেশ বন্ধ হয়ে যাবে, যা ইতোমধ্যেই অস্থির জ্বালানি বাজারে আরও বড় সংকট তৈরি করতে পারে।
এদিকে অবরোধ কার্যকরের আগেই ইরান-সংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে শিপিং ডেটা বিশ্লেষণকারী সংস্থা কেপলার ও এলএসইজি জানিয়েছে।
অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী এই অবরোধ হুমকিকে ‘অবৈধ’ ও ‘দস্যুতার শামিল’ বলে আখ্যা দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলে সব দেশের বন্দরই নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি।