• হোম > দেশজুড়ে > ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১৯:২৭
  • ৬৩

---

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা ১০ পয়সা।

এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষমতা বিইআরসির হাতে হস্তান্তর করা হয়। এরপর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি এই জ্বালানির দাম নির্ধারণ করে এবং আজ দ্বিতীয়বারের মতো সমন্বয় করা হলো।

সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট সরকারের নির্বাহী আদেশে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের ২০ জানুয়ারি বিপিসি নতুন মূল্য প্রস্তাব করে বিইআরসির কাছে। একই সঙ্গে পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলসহ চারটি জ্বালানি তেল বিপণন কোম্পানিও আলাদা প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাবের ওপর চলতি বছরের ২৯ জানুয়ারি গণশুনানি করে বিইআরসি।

বিপিসির অধীনস্থ চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস অয়েল বিক্রি করবে। এ জ্বালানির প্রধান ক্রেতা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ পরিচালনা করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8697 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 02:15:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh