• হোম > বাংলাদেশ > দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১৯:১৬
  • ৭০

---

মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার ওপর জোর দেওয়া হয়েছে। বিদ্যমান কিছু জটিল আইন শিথিল করার অনুরোধও জানানো হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীরা সহজে এই বড় শ্রমবাজারে প্রবেশ করতে পারেন।

তিনি আরও জানান, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়েও আলোচনা হয়েছে এবং তাদের জন্য সম্ভাব্য সমাধান খোঁজা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তি পাঠানো, অভিবাসন ব্যয় কমানো এবং সিন্ডিকেট ভেঙে স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি জানান, এই সফরের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো—দুই দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো একটি যৌথ বিবৃতি প্রকাশ করা, যেখানে অভিবাসন ব্যয় কমানো ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এটিকে একটি বড় ধরনের অগ্রগতি বা ‘ব্রেকথ্রু’ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধীদের শাস্তি ও নির্দোষদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

রিক্রুটমেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়; বরং নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় এজেন্সি নির্বাচন করা হবে। সরকার দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমানো এবং আরও বেশি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8689 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 06:19:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh