• হোম > রাজনীতি > রিমান্ড নয়, জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী

রিমান্ড নয়, জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১৬:৩৪
  • ৮৩

---

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ জানান, আসামির শারীরিক অবস্থা, নারী হওয়া এবং অন্যান্য বিষয় বিবেচনায় আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরে একইদিন তাকে আদালতে হাজির করা হলে দুই দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সে সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়।

এই ঘটনায় মো. আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হয়ে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। পরে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকারসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8685 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 08:32:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh