![]()
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, চাঁদাবাজদের বিরুদ্ধে পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ চলছে এবং শিগগিরই সেই তালিকা ধরে অভিযান শুরু করা হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না এবং তালিকা চূড়ান্ত হওয়ার পর সুনির্দিষ্টভাবে অভিযান পরিচালনা করা হবে।
এ সময় গত ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের তথ্যও তুলে ধরা হয়। র্যাব জানায়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও মানব পাচারচক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তারের কথাও জানায় র্যাব।
এছাড়া পৃথক অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।