![]()
আগামীতে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় নতুন প্রজন্মকে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
শনিবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। হাটহাজারী উপজেলা চত্বরে আয়োজিত এই মেলায় প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
মেলায় শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলমান এবং বাংলাদেশও এ ক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর নয়। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত উদ্যোগ জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো মূল্যায়ন করে যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রদর্শিত প্রকল্পগুলোর একটি তালিকা তৈরি করে বাস্তব প্রয়োগযোগ্যতা যাচাইয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে তিনি হাটহাজারীর কাটিরহাট এলাকায় খালপাড়ে সড়ক সংস্কার ও ব্লক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।