• হোম > বাংলাদেশ > চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১৬:৫২
  • ৫৩

---

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–এর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

আজ সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে The Institute of Chartered Accountants of Bangladesh (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্পোরেট ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিক্সের অগ্রগতির ফলে হিসাববিজ্ঞান পেশায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে সাহসের সঙ্গে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এখনকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা শুধু হিসাবরক্ষক নন, বরং প্রতিষ্ঠানের কৌশলগত উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি সতর্ক করে বলেন, কেবল একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় সবসময় সচেতন থাকতে হবে। পেশাগত সততার ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, অ্যাকাউন্টিং পেশার মূল ভিত্তি হলো মানুষের আস্থা, যা আর্থিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আধুনিক সমাজ ও পুঁজিবাদের ‘অর্গানিক ইন্টেলেকচুয়াল’ এবং হিসাববিজ্ঞান শুধু অংক মেলানোর বিষয় নয়, বরং আধুনিক অর্থনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, যিনি দেশের উন্নয়নে স্বচ্ছ হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন নবীন সিএদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে আসছে এবং নতুন পেশাজীবীদের সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।

এবারের সমাবর্তনে নভেম্বর-ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সিএ পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে আইসিএবি’র কাউন্সিল সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8643 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 10:10:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh