![]()
আগামী জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ভারত থেকে ২০০টি ব্রডগেজ রেল কোচ আসবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের বর্তমান সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী জানান, ভারত থেকে কোচগুলো দেশে আসার পর ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় রুট নির্ধারণে উদ্যোগ নেবে বাংলাদেশ রেলওয়ে।
বর্তমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, ইঞ্জিন, কোচ ও জনবল ঘাটতির কারণে পশ্চিমাঞ্চলে ১৯টি মেইল/কমিউটার এবং ২১টি লোকাল ট্রেনসহ মোট ৪০টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সক্ষমতার সীমাবদ্ধতার কারণে প্রতিদিন ৭-৮টি মালবাহী ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মন্ত্রী জানান, ‘চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি আরও দুটি প্রকল্পের মাধ্যমে ২০০টি মিটারগেজ কোচ ও ৩০টি লোকোমোটিভ সংগ্রহের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হচ্ছে।
ঢাকা-কিশোরগঞ্জ রুট প্রসঙ্গে তিনি বলেন, নতুন রোলিং স্টক পাওয়া গেলে পুরোনো ইঞ্জিন ও বগির পরিবর্তে আধুনিক, অধিক ধারণক্ষমতাসম্পন্ন কোচ যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।