• হোম > বাংলাদেশ > শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দের লক্ষ্য, আসছে ‘এডু-আইডি’: সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দের লক্ষ্য, আসছে ‘এডু-আইডি’: সংসদে প্রধানমন্ত্রী

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯
  • ৪৫

---

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা খাতে ৪৩টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানিয়েছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য চালু করা হচ্ছে অনন্য ডিজিটাল পরিচয় ‘এডু-আইডি’।

আজ (বুধবার, ৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য দিয়েছেন। অধিবেশনটির সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে “সর্বোচ্চ বিনিয়োগ” হিসেবে বিবেচনা করে গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যে ৪৩টি খাত চিহ্নিত করে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।

নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করতে প্রাথমিক ও মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে ১,৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালুর পরিকল্পনা রয়েছে।

‘এডু-আইডি’ চালুর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি একক ডিজিটাল ডাটাবেইসের আওতায় আনা হবে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার জন্য স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি কোর্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অন্য প্রশ্নের জবাবে বিএনপির সংসদ সদস্য ইকরামুল বারী টিপুকে প্রধানমন্ত্রী জানান, নারী শিক্ষার প্রসার ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8569 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 02:40:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh