![]()
বাংলাদেশ ক্রিকেটে গত এক থেকে দেড় বছরে বড় ধরনের ক্ষতি ও মর্যাদাহানি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সদ্য গঠিত বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে প্রথম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তামিম ইকবাল জানান, দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরদিন আরও একটি বোর্ড সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেটের যে ক্ষতি হয়েছে—তা কাটিয়ে উঠতে সবার সহযোগিতা প্রয়োজন। সমালোচনা থাকবে, ভুলও হবে, কিন্তু লক্ষ্য একটাই—বাংলাদেশ ক্রিকেটকে বর্তমান অবস্থান থেকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, ক্রিকেটকে আবার গর্বের জায়গায় ফিরিয়ে আনাই এই কমিটির প্রধান লক্ষ্য। বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, খেলোয়াড় ও অন্যান্য স্টেকহোল্ডারদের সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে এবং সেখানে আগ্রহী সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নেবেন কি না—সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু না বললেও জানান, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
শেষে তিনি বলেন, “শুধু কথায় নয়, আমরা বাস্তব পরিবর্তনের চেষ্টা করবো। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”