![]()
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের বাজারে কিছুটা সরবরাহ ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেছেন, অবৈধ মজুদ ও পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে এবং ভর্তুকি প্রদানের মাধ্যমে জনগণের ওপর চাপ সামাল দিতে কাজ করছে সরকার।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীনে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানিয়েছেন, ‘কৃষক কার্ড’ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। এ জন্য এডিপির আওতায় প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, সরকার স্বল্প সময়ে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
কৃষি ও বাজার খাত:
- পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৫৪ জেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় সহায়ক হবে।
- বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সফল হয়েছে।
- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৬০৬টি মামলায় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
- ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়েছে।
স্বাস্থ্য খাত:
- হাম রোগের সাম্প্রতিক প্রাদুর্ভাব মোকাবিলায় ১৮টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
- আগামী ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ২১ মে পর্যন্ত এই কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- টিকা সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করেছেন।
স্বরাষ্ট্র ও পরিবেশ:
- ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
- নৌ পরিবহন খাতে সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- পরিবেশ খাতে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন ও ১৯৮ একর বনভূমি পুনরায় বনায়ন করা হয়েছে।
যুব ও ক্রীড়া:
- নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্বোধন ৩০ এপ্রিল।
- আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে মাসিক ভাতা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রবাসী কল্যাণ:
- মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হয়েছে।
- নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা এবং বীমা হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হবে।
সড়ক পরিবহন ও শিক্ষা:
- গণপরিবহনে জিপিএস চালু, অনিয়ন্ত্রিত বাস কাউন্টার বন্ধ এবং ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
- শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে নতুন প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, “সরকার সব খাতে সমন্বিতভাবে কাজ করছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণের জীবনমান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”