![]()
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটি। এ প্রেক্ষাপটে এনএসসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়ে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার অনুরোধ করেছে। পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।
আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি জানিয়েছে, বিসিবির সর্বশেষ নির্বাচনে একাধিক অনিয়ম ও গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাদের দাবি, কাউন্সিলরদের নাম পাঠানোর সময়সীমা কোনো যৌক্তিক কারণ ছাড়াই বৃদ্ধি করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত প্রভাব ফেলার প্রমাণ।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর নির্বাচনে চাপ প্রয়োগ করা হয়েছিল এবং তৎকালীন ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ছিল। নির্বাচনে প্রভাব খাটাতে অ্যাডহক কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
ই-ভোটিং প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ আনা হয়েছে। কমিটির ভাষ্য, ভোটারদের নির্দিষ্ট স্থানে এনে ভোট দিতে বাধ্য করা হয়েছিল এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হয়েছিল, যা স্বাধীন ও গোপন ভোটের নীতির পরিপন্থি।
বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিইও নিজামুদ্দিন চৌধুরীর বক্তব্যেও ‘অসঙ্গতি’ লক্ষ্য করা গেছে। এছাড়া সাবেক ক্রিকেটারদের কাউন্সিলরশিপ দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও ওঠে।
তদন্ত কমিটি জানিয়েছে, বিসিবি নির্বাচন বিধিমালা-২০২৫ ‘অসম্পূর্ণ ও দুর্বল’, যা অপব্যবহারের সুযোগ তৈরি করেছে। পরিস্থিতি সমাধানের জন্য সংবিধান সংস্কার, সভাপতি ও কর্মকর্তাদের দায়িত্ব সুস্পষ্ট করা এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন—তামিম ইকবাল (কমিটির প্রধান), ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম, ইস্রাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজিন চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন গত রোববার জমা দেয়। এর দুই দিন পর জাতীয় ক্রীড়া পরিষদ ব্যবস্থা গ্রহণ করে।