![]()
রাজধানীর লালবাগ থানা এলাকায় জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনের সময় আশরাফুল ওরফে ফাহিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে দুপুরে ডিবি কার্যালয় থেকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে বেলা ৩টা ১০ মিনিটে পুলিশি বেষ্টনীতে তাকে এজলাসে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহসীন উদ্দীন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন, তবে পলাতক আসামিদের অবস্থান এবং ঘটনার বিস্তারিত জানার সময় কৌশলে প্রশ্ন এড়িয়ে গেছেন। তার জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারসহ মামলার রহস্য উদঘাটনের প্রয়োজন রয়েছে। রিমান্ড না মঞ্জুর হলে আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনীতে নিরস্ত্র ছাত্র জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ মিছিল চলাকালে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী সন্ত্রাসীরা গুলি চালিয়ে বাদীসহ অনেককে আহত ও নিহত করেন। বাদী আশরাফুল বাম চোখের দৃষ্টি হারান এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পান।
শিরীন শারমিন চৌধুরীকে আজ ভোরে ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।