• হোম > দেশজুড়ে > জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১৫:২১
  • ৬৮

---

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আন্দোলনের প্রকৃত নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। তার ভাষায়, এই আন্দোলনের ‘ক্যাপ্টেন’ ছিলেন তারেক রহমান।

বগুড়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, কেউ কেউ দাবি করেছেন ছাত্র-জনতা আন্দোলন করেছে আর বিএনপি তার ফল ভোগ করেছে। তবে তিনি এ বক্তব্য নাকচ করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন, যা নেতৃত্বের বিষয়টি স্পষ্ট করে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমেই দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে এবং বর্তমান সংসদ গঠিত হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ এবং বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক অর্জন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে সারাদেশে নারীদের মধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ নিয়েও মানুষের আগ্রহ বাড়ছে।

তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8525 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 03:14:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh