![]()
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে যশোরের বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। জ্বালানি তেলের সংকটের অজুহাতে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে ট্রাক ভাড়া বেড়েছে, যা ব্যবসায়ীদের উদ্বেগ বাড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গন্তব্যভেদে ট্রাক ভাড়া কমপক্ষে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট রুটে ভাড়া বৃদ্ধির হার বেশি। আগে বেনাপোল থেকে ঢাকায় ট্রাক ভাড়া ছিল ২২-২৩ হাজার টাকা, যা এখন বেড়ে ২৮-৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে ভাড়া ৩০-৩৫ হাজার টাকা থেকে বেড়ে ৪০-৪২ হাজার টাকায় পৌঁছেছে।
ট্রাকচালক ও ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ এই ভাড়া বৃদ্ধির কারণে তারা চাপে পড়েছেন। তাদের মতে, ভাড়া বাড়ার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়বে, যার বোঝা বহন করতে হবে ভোক্তাদেরই।
অন্যদিকে, অনেকের অভিযোগ—দেশে তেলের বড় কোনো সংকট না থাকলেও সরবরাহে অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরি করে ভাড়া বাড়ানো হয়েছে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণেও পরিবহন খাতে চাপ তৈরি হচ্ছে।
ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।