![]()
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আজ সকালে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।
তবে ঠিক কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবি বিস্তারিত কিছু জানায়নি।
জানা গেছে, রংপুরে একটি হত্যা মামলায় তার নাম রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ্য, রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবেও তিনি নির্বাচিত হন।