![]()
জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি এই গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে আজকের মধ্যেই সংশ্লিষ্ট নারীকে মুক্তি এবং মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করার কারণে সাওদা সুমি নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, ‘উপরের নির্দেশে’ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “উপরের নির্দেশ বলতে কাকে বোঝানো হয়েছে?” স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকের অফিস সময়ের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে।” তিনি আরও বলেন, এ ধরনের গ্রেপ্তার গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী এবং এটি ফ্যাসিবাদের পূর্বাভাস বহন করে।
এদিকে তার বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করা হয়নি। তবে যেহেতু বিষয়টি উত্থাপিত হয়েছে এবং বিরোধীদলীয় নেতা এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
স্পিকার আরও বলেন, সংসদে বসে রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া সমীচীন নয়। প্রয়োজনে বিষয়টি প্রস্তাব আকারে আনার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ফেসবুকে প্রতিদিন অনেকেই সরকার নিয়ে নানা মন্তব্য করেন—সব বিষয় যদি সংসদে তোলা হয়, তবে কার্যক্রম ব্যাহত হতে পারে।
তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।