![]()
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যেখানে বিভিন্ন অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা দাবি করছে—সরকারি হিসাবে দেখানো ৪৫৬ বিলিয়ন ডলারের জিডিপি বাস্তবে অতিরঞ্জিত হতে পারে। তাদের মতে, প্রকৃত জিডিপির আকার ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে, যা দেশটিকে পাকিস্তান ও নাইজেরিয়ার সমপর্যায়ে নিয়ে আসে।
বিশ্লেষকদের অভিযোগ, গত দেড় দশকে উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে এবং একইসঙ্গে মূল্যস্ফীতির হার কমিয়ে উপস্থাপন করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনেও এ ধরনের গরমিলের ইঙ্গিত পাওয়া গেছে। এর ফলে দেশের ঋণ-জিডিপি অনুপাত বাস্তবের তুলনায় কম দেখানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি জিডিপির প্রকৃত আকার পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে ঋণের অনুপাত ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যা ভবিষ্যতে বিদেশি ঋণপ্রাপ্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। একই সঙ্গে বিনিয়োগ, রফতানি, কর-জিডিপি অনুপাতসহ অন্যান্য সূচকের সঙ্গে জিডিপির অসামঞ্জস্য অর্থনীতির বাস্তব অবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।