![]()
দেশের দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির পক্ষ থেকে অন্তত সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছিল। যদিও মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হলে বিষয়টি পুনর্বিবেচনা করে সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার বাইরে থাকবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সবাইকে সচেতন হতে হবে। বাসাবাড়ি ও কর্মস্থলে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের আবেদনের পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।
প্রতিমন্ত্রী জানান, ১৫ এপ্রিল পর্যন্ত জ্বালানির চাহিদা বেশি থাকবে। তবে বর্তমানে দেশে অকটেন ও পেট্রোলের প্রায় তিন মাসের চাহিদা অনুযায়ী মজুত রয়েছে। এ সময় কোনো কৃষক ডিজেল পেতে সমস্যায় পড়লে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।