![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাজনৈতিক কারণে ধর্মকে বিভাজনের হাতিয়ার করা যাবে না।”
তিনি বলেন, “সব ধরনের বিভেদ ও হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
আজ (রোববার) সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটি চিরতরে বিদায় দিতে হবে; মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই আমাদের আগামীর পথ চলার শক্তি হবে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও মিশে রয়েছে এবং সবাই এই মাটির অবিচ্ছেদ্য অংশ।
তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। সব কাজ সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে।”
চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটের মধ্যেও সরকার যথাসাধ্য জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে, তবে কিছু মানুষ আতঙ্কিত হয়ে বারবার তেল নিচ্ছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, “বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সহায়তায় সরকার গঠন করেছে। এজন্য আমরা কৃতজ্ঞ। সত্যকে সামনে রেখে আমরা দেশের উন্নয়নের পথে এগিয়ে যাব।”