![]()
ইরানে আটকা পড়া মার্কিন বিমান বাহিনীর দ্বিতীয় ক্রুকে উদ্ধারের সময় যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানায়।
আইআরজিসি জানিয়েছে, ইরানি ভূখণ্ডে অবস্থান করা একজন মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র যে মিশন পরিচালনা করেছিল, সেই সময় তারা যৌথ অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের বিমানগুলো ধ্বংস করেছে। অভিযানে ইরানের অ্যারোস্পেস, পদাতিক বাহিনী, পপুলার ইউনিটস, বাসিজ এবং পুলিশ কমান্ড অংশ নিয়েছিল।
এর আগে ইরানের পুলিশ কমান্ড জানিয়েছিল, ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর একজন মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত বিমানগুলোর মধ্যে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে।
এছাড়া, রোববার দিনের শুরুতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, একই প্রদেশে তারা একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে।
এই ঘটনার বিষয়ে এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।