• হোম > বাংলাদেশ > নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

  • রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১৩:১৭
  • ৬৫

---

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সময়সীমা সমন্বয় করা হতে পারে।

মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সবার সম্মিলিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় ব্যবসায়ী নেতারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং কয়েকটি সুপারিশ ও দাবি তুলে ধরেন। মন্ত্রী সেগুলো নিয়ে আলোচনার আশ্বাস দেন এবং সাময়িক সময়ের জন্য সরকারের উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ জানান।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8424 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 01:24:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh