![]()
ইরানে হামলার ৩৫তম দিনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান পাল্টা হামলা অব্যাহত রেখেছে, যার প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো উপসাগরীয় অঞ্চলে।
ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূপাতিত বিমানটির একজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অন্য ক্রুকে উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।
এই ঘটনায় নিখোঁজ পাইলটকে খুঁজতে গিয়ে মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টারও হামলার মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি সূত্র।
এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে ১.৫ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই সামরিক ব্যয় বাড়ানোর পক্ষে অবস্থান নেওয়া ট্রাম্প এই সংঘাতের প্রেক্ষাপটে আরও বড় বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকাকে ‘বড় ধরনের যুদ্ধাপরাধের ইঙ্গিত’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও আঘাত হানা হচ্ছে। কুয়েতে তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায়। এই গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।
এদিকে সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও চলছে। বিশ্ব নেতারা সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছেন। তবে পাল্টাপাল্টি হামলা ও হুমকির কারণে যুদ্ধ পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।