![]()
ই-বাংলাদেশ ডেস্ক
রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮
দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ‘জাগরণ প্যানেল’ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত এই প্যানেল আবাসন খাতে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছে।
গত ২রা এপ্রিল গুলশান ক্লাবের লামডা হলে এক জাকগমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে রিহ্যাব সদস্যদের উপস্থিতিতে জাগরণ প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করে।
প্যানেলের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান, যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (ব্যালট নং: ০২)। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং: ০৬)। অভিজ্ঞ এই নেতৃত্ব রিহ্যাবকে আরও গতিশীল ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।
![]()
প্রার্থীতা ঘোষণার পর এক বক্তব্যে মোকাররম হোসেন খান বলেন, “আমরা একটি স্বচ্ছ ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সদস্যদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে কাজ করবো।”
জাগরণ প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন—ভাইস প্রেসিডেন্ট-১ পদে এ.এম. মহিব উদ্দিন (ব্যালট নং: ০৮), ভাইস প্রেসিডেন্ট-২ পদে আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১৩), ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫) এবং ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)।
পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রেজওয়ানুল হক (ব্যালট নং: ৩৪), ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (ব্যালট নং: ৪৩), মোঃ আক্তার হোসেন (ব্যালট নং: ৪৯), মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫), মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬), রোটারিয়ান এস. এমদাদ হোসেন (ব্যালট নং: ৫২) এবং মোঃ ওবাইদুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)।
জাগরণ প্যানেলের নেতৃবৃন্দ জানিয়েছেন, সুশাসন নিশ্চিত করে রিহ্যাবের প্রতি সদস্যদের আস্থা পুনরুদ্ধার এবং আবাসন খাতের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
![]()
উল্লেখ্য, রিহ্যাবের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আবাসন খাতে নতুন নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রত্যাশা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি, উচ্চ নিবন্ধন খরচ এবং অর্থায়নের জটিলতা—এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে জাগরণ প্যানেল তাদের অভিজ্ঞতা ও পরিকল্পনার মাধ্যমে সদস্যদের আস্থা অর্জনে আশাবাদী।
সবমিলিয়ে, রিহ্যাবের এবারের নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচন নয়, বরং দেশের আবাসন খাতের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।