![]()
হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে অকটেন ও পেট্রলের মজুদ সামান্য বেড়েছে। ১ এপ্রিল পর্যন্ত অকটেনের মজুদ দাঁড়িয়েছে ৯ হাজার ২১ টন, যা ৩১ মার্চের ৭ হাজার ৯৪০ টনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একইভাবে, পেট্রলের মজুদ বেড়ে ১২ হাজার ১৯৪ টনে পৌঁছেছে, যা আগের দিন ১১ হাজার ৪৩১ টন ছিল।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, ডিজেলের মজুদ কমে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন হয়েছে, যা ৩১ মার্চের ১ লাখ ২৮ হাজার টনের তুলনায় কম। এছাড়া বিদ্যুতে ব্যবহৃত ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন এবং মেরিন ফুয়েল ১ হাজার ১৫৮ টন মজুদ রয়েছে।
এদিকে, দেশে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার। ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্ট ও অভিযানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল, ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রল উদ্ধার করা হয়। মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে ২ হাজার ৯টি মামলা দায়ের এবং ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।