• হোম > বাংলাদেশ > আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বিশেষ কমিটির প্রতিবেদন

আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বিশেষ কমিটির প্রতিবেদন

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৪:৫৮
  • ৬৫

---

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংসদের বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, কার্যপ্রণালি বিধির ২১১(১) উপবিধি অনুসারে বিশেষ কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন প্রতিবেদনে সংসদে এই তথ্য উপস্থাপন করবেন।

এ পর্যন্ত বিশেষ কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও আজ তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল, সংসদ সচিবালয়ের গণমাধ্যম অধিশাখা জানিয়েছে, আজকের বৈঠক অনুষ্ঠিত হবে না।

বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা একাধিক অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ, ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন), মানবাধিকার কমিশন অধ্যাদেশ, জেলা ও উপজেলা পরিষদ সংশোধন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন ও পৌরসভা) সংশোধন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, কাস্টমস, আয়কর, ব্যাংক রেজল্যুশন এবং পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ।

কমিটি এসব অধ্যাদেশের প্রয়োজনীয়তা যাচাই করে দ্রুততম সময়ে সংসদে প্রতিবেদন আকারে পেশ করার সিদ্ধান্ত নেয়। এই প্রসঙ্গে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ ১৫–১৬টি অধ্যাদেশে বিরোধী দল নোট অব ডিসেন্ট বা আপত্তি দিয়েছে। এসব নোট অব ডিসেন্ট বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে।

বিশেষ কমিটির সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান জানিয়েছেন, “মানবাধিকার, গুম, খুন প্রতিরোধ, পুলিশ, সুপ্রিম কোর্টে স্বাধীন সচিবালয়, দুদক, বিচারপতি নিয়োগের বাছাই কমিটি ইত্যাদি বিষয়ে আমরা একমত হইনি, তাই নোট অব ডিসেন্ট দিয়েছি। মোট ১৪–১৫টি বিষয়ে আপত্তি থাকবে।”

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তখন অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। সংসদ ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদনের নির্দেশনা দিয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8308 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 06:47:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh