![]()
ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে নিজের ওপর হওয়া নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন অরা। তিনি জানান, আবু জাহিদ একজন গায়ক এবং পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন প্রজেক্ট ও পণ্য শুটের কাজের সূত্রে তার সঙ্গে যোগাযোগ হয়।
অরার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি একটি প্রোডাক্ট শুটের কথা বলে তাকে নিজের বাসায় ডাকেন জাহিদ। সেখানে কাজের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় হঠাৎ করে তিনি অরার ওপর জোরপূর্বক শারীরিক নিপীড়ন চালান। অরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় এবং আটকে রাখা হয়। এক পর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
তিনি আরও জানান, এর আগেও তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরিচয়ের পর ধীরে ধীরে গড়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের অবনতি ঘটে এবং তারা দূরে সরে যান। পরে পেশাগত কাজের কথা বলে আবার যোগাযোগ করা হলেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান অরা।