• হোম > বাংলাদেশ > ইউএইর প্রেসিডেন্টের কাছে তারেক রহমানের চিঠি

ইউএইর প্রেসিডেন্টের কাছে তারেক রহমানের চিঠি

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১২:৩৩
  • ৭০

---

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বর্তমানে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন। এ সফরের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া এবং ওই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করা।

এই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তিনি দেশটির প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

গতকাল সন্ধ্যায় ইউএইর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পাঠানো চিঠিটি তুলে দেন।

চিঠিতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইউএইর নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ জানানো হয়। পাশাপাশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সুবিধাজনক সময়ে ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে ইউএইর পররাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, দেশটিতে অবস্থানরত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ইউএই সরকার কাজ করছে। পাশাপাশি এই সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউএই নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8290 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 09:14:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh