• হোম > বাংলাদেশ > গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে: বিরোধীদলীয় নেতা

গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে: বিরোধীদলীয় নেতা

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২৩:০৫
  • ৬৪

---

ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণের রায়ের প্রতিফলন না ঘটার অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিরোধী দল। গণভোটের মাধ্যমে পাওয়া সংবিধান সংস্কারের দাবি আদায়ে ১১ দলীয় জোট এখন সরাসরি জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)’ বাস্তবায়ন নিয়ে প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রীর বক্তব্যে বিরোধীদলীয় অবস্থান ‘ভুলভাবে উপস্থাপন’-এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে সমাধানের চেষ্টা করা হলেও সরকার তা গ্রহণ করেনি। ফলে এখন একমাত্র পথ হলো জনগণের কাছে ফিরে যাওয়া এবং তাদের সঙ্গে নিয়েই গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন গড়ে তোলা।

তিনি আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, বিরোধী দল কখনোই সংবিধান ‘সংশোধন’-এর প্রস্তাবে সম্মত হয়নি; বরং শুরু থেকেই ‘সংবিধান সংস্কার’-এর দাবি জানিয়ে আসছে।

তিনি আরও জানান, সংবিধান সংস্কার কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্বের প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি।

বিরোধীদলীয় নেতা বলেন, “আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। ১১ দলীয় জোট শিগগিরই বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, আখতার হোসেন এবং সাইদ আহমাদ হানজালা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8284 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 09:57:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh