![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর ফলে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি সৃষ্টি হবে না; বরং এটি অর্থনীতিকে আরও গতিশীল করবে।
বুধবার জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আকতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি একবারে সবার জন্য বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হবে। প্রতি বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং পর্যায়ক্রমে আরও বেশি কৃষক ও নারী এই সুবিধার আওতায় আসবেন।
তিনি বলেন, “আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হওয়ার প্রশ্নই আসে না।” বরং এই অর্থ প্রান্তিক কৃষক ও নারীরা দেশের ভেতরেই ব্যয় করবেন, যা স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াবে।
প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, একজন নারী এই সহায়তার অর্থ দিয়ে সন্তানের পড়াশোনা, খাদ্য ব্যয় বা ছোট ব্যবসা শুরু করতে পারেন। এতে স্থানীয় বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ স্থানীয় পণ্যের ওপর নির্ভরশীল। ফলে এই উদ্যোগ স্থানীয় শিল্প ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
সবশেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বল্পমেয়াদে বড় পরিবর্তন দৃশ্যমান না হলেও আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।