• হোম > নারায়ণগঞ্জ > নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২২:৪১
  • ৬১

---

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল এবং ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে একটি পরিত্যক্ত কারখানা থেকে আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। এরপর তেলের ডিপো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অন্য একটি স্থানে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তরিত প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি দাবি করেন, জব্দকৃত ৯ হাজার লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করছিলেন। তবে তার কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলছে।

উদ্ধার করা ডিজেল ও ফার্নেস ওয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8236 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:52:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh