![]()
এপ্রিল মাসেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না। টানা দ্বিতীয় মাসের মতো ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারিত রয়েছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে এসব জ্বালানি তেল বিক্রি হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও দেশের বাজারে তা সমন্বয় করা হয়নি। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে মোট ৪ টাকা কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এর ফলে প্রতি মাসে আমদানি খরচের ভিত্তিতে জ্বালানির দাম সমন্বয় করা হয়।