![]()
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশের ১১টি উপজেলায় এই কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ প্রদান সহজতর হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১১টি উপজেলায় একযোগে এই পাইলট প্রকল্প চালু হবে। এর বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি বা কৃষি সহায়তা পাবেন। এছাড়া খরিফ মৌসুমে নির্ধারিত কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তাও প্রদান করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে সরাসরি সহায়তা পৌঁছে দিতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষি খাতে স্বচ্ছতা বাড়বে এবং উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।