• হোম > বাংলাদেশ > সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে সংসদ ভবনের সামনে মানববন্ধন

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে সংসদ ভবনের সামনে মানববন্ধন

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২২
  • ৮৬

---

গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে রাজধানীর সংসদ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় গণভোট বাস্তবায়নে নাগরিক ফোরাম, ওয়ারিয়র্স অব জুলাই, তারুণ্যের জুলাই, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ সোসাইটি, ২৪ মঞ্চ ও জুলাই রাজবন্দি অ্যালায়েন্সসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন।

বক্তারা বলেন, গণভোটে জনগণের দুই-তৃতীয়াংশ সমর্থন থাকা সত্ত্বেও সংবিধান সংস্কারের কার্যক্রম দৃশ্যমান নয়। তারা দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, ইতোমধ্যে ৭০ জন সদস্য শপথ নিলেও বাকি সদস্যদের দ্রুত শপথ নিয়ে কার্যক্রম শুরু করা জরুরি। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

তারুণ্যের জুলাইয়ের সহসভাপতি মো. সাগর অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তিনি।

ওয়ারিয়র্স অব জুলাইয়ের মারুফা মায়া বলেন, অতীতের দমন-পীড়নের পুনরাবৃত্তি ঠেকাতে সংবিধান সংস্কার অপরিহার্য। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সৈয়দ হাসিবউদ্দিন হোসেন বলেন, কেবল নির্বাচন নয়, কাঠামোগত পরিবর্তনের মাধ্যমেই স্বৈরাচার রোধ সম্ভব।

মানববন্ধনে আহত আন্দোলনকারী ও নাগরিক প্রতিনিধিরা জুলাই সনদ বাস্তবায়নকে জনগণের প্রত্যাশা হিসেবে তুলে ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8184 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 01:35:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh