• হোম > বাংলাদেশ > তেলের দাম বাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে: মির্জা ফখরুল

তেলের দাম বাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে: মির্জা ফখরুল

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১৫:০৮
  • ৬২

---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (২৪ মার্চ) বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশের তেল ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে। তিনি বলেন, “এখন একটা বড় সংকট দেখা দিয়েছে। তেল নেই। ইরান ও ইসরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে তেলের সাপ্লাই কমে গেছে। সামনের দিনগুলো কঠিন হবে। আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি এই মন্তব্য করেন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে। মন্ত্রী জানান, তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকার ব্যয়ে ৫.৮ কিলোমিটার নেহা নদী পুনঃখনন সম্পন্ন হবে।

মির্জা ফখরুল আরও বলেন, কাজ ও সৎ উদ্যোগের মাধ্যমে মানুষ উন্নতির পথে এগোতে পারে, ধর্মকে কখনো ব্যবসার মাধ্যম বানানো যাবে না। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের সঙ্গে ভাই ভাই সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলা উচিত। বাংলাদেশের আত্মা এখানে, এখানে ধর্মে বিভাজন নেই।”

দলের নেতাদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপির নেতারা যেন ঠিক পথে চলেন। কোনো ভুল হলে ক্ষমা করা হবে না, নেতৃত্ব ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8003 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 08:49:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh