![]()
প্রধানমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ প্রদানের নির্দেশনা দিয়েছেন। এ তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ফলোআপ আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ ব্যাংককে এই ঋণ প্রদানের জন্য ডেডিকেটেড করা হবে, যাতে শিক্ষার্থীরা বিশেষ করে কোরিয়া, জাপান, চায়না, জার্মানি প্রভৃতি দেশে উচ্চশিক্ষার সুযোগ পায়।
নুরুল হক নুর আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রবাসী শ্রমিকদের উপর প্রভাব ফেলতে পারে। তবে সরকারের হিসাব অনুযায়ী, বাংলাদেশের শ্রমবাজারের বড় অংশ এখনও নিরাপদ এবং সেখানকার চাহিদা বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে থার্ড ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রবাসী শিক্ষার্থী ও শ্রমিকরা ভালো বেতন ও সুযোগ-সুবিধা পেতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের প্রবাসী শ্রমশক্তির দক্ষতা ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।