
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে।
তিনি বলেন, কিছু নেতা মানুষকে বেহেশতে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা সম্ভব নয়—বরং কাজের মাধ্যমেই মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।
সোমবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। বর্তমানে তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও খাল খনন কার্যক্রম শুরু করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া কৃষকদের কল্যাণে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং ২৫ বিঘা জমির খাজনা মাফসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।
বর্তমান সরকারের উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি খাল খননের মাধ্যমে কৃষকদের পানির সমস্যা প্রাকৃতিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।