
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।
রমজান মাসের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় আজ থেকে অফিস-আদালত চলবে আগের নিয়মে—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। উল্লেখ্য, রমজানে এই সময়সূচি ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। দীর্ঘ ছুটির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ আজ রাজধানীতে ফিরেছেন।
এদিকে ঢাকা শহরের ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গত ২১ মার্চ দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল।
অন্যদিকে, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্র শিল্পে ছুটি ঘোষণা করে, যা গতকাল সোমবার শেষ হয়েছে।
তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ছিল তুলনামূলকভাবে কম—ঈদের আগের দিন থেকে ঈদের পরদিন পর্যন্ত মোট তিন দিনের সংক্ষিপ্ত ছুটি দেওয়া হয়।