![]()
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আগে রাজধানী ও অন্যান্য শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা অব্যবস্থাপনা ও চরম ভোগান্তিতে পরিণত হওয়ায় সরকারের উপর তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুর রহমান লিখেছেন, নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের ওপর চরম জুলুম চালানো হচ্ছে। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য বছরের পর বছর ধরে একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে অপেক্ষা করে। কিন্তু ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা এবার প্রত্যক্ষ করল। এর দায় সরকারকেই নিতে হবে।’
মিথ্যা তথ্য ও ভোগান্তি
শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বলা হয়েছে, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার তুলনায় কম ভাড়া নিচ্ছেন। তিনি এই দাবি খণ্ডন করে বলেন, এটি চরম মিথ্যাচার।
তিনি প্রশ্ন তোলেন, ‘জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?’
সতর্কবার্তা
শফিকুর রহমান আরও বলেন, ‘কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।’
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা, যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভাড়া নির্ধারণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।