• হোম > বিদেশ > ইরানের হামলায় কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতার ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগতে পারে ৫ বছর: সিইও

ইরানের হামলায় কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতার ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগতে পারে ৫ বছর: সিইও

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ২২:০১
  • ১২২

---


ইরানি হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ অচল হয়ে পড়েছে, যার ফলে বছরে আনুমানিক ২০ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে ইউরোপ ও এশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) QatarEnergy-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ আল-কাবি আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters-কে এ তথ্য জানান।

তিনি বলেন, নজিরবিহীন এই হামলায় কাতারের ১৪টি এলএনজি উৎপাদন ইউনিটের (ট্রেন) মধ্যে দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দুটি গ্যাস-টু-লিকুইড (জিটিএল) স্থাপনার মধ্যে একটি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।

 

 

তার ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কারণে বছরে প্রায় ১২.৮ মিলিয়ন টন এলএনজি উৎপাদন আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য বন্ধ থাকতে পারে।

এক সাক্ষাৎকারে সাদ আল-কাবি বলেন, “আমি স্বপ্নেও ভাবিনি যে কাতার এবং এই অঞ্চল এমন হামলার শিকার হবে—বিশেষ করে রমজান মাসে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের কাছ থেকে।”

এর কয়েক ঘণ্টা আগেই ইরান তাদের নিজস্ব গ্যাস অবকাঠামোয় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়।

এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান QatarEnergy-কে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তিতে ‘ফোর্স ম্যাজিউর’ (অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহে অক্ষমতা) ঘোষণা করতে হতে পারে বলে জানান কাবি।

তিনি বলেন, “এগুলো দীর্ঘমেয়াদি চুক্তি, যেগুলোর ক্ষেত্রে আমাদের ফোর্স ম্যাজিউর ঘোষণা করতে হবে। আমরা ইতোমধ্যে স্বল্পমেয়াদে এ ঘোষণা দিয়েছি।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7884 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 06:39:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh