• হোম > অর্থনীতি > বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ১৮ ও ১৯ মার্চ কিছু শাখা খোলা থাকবে

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ১৮ ও ১৯ মার্চ কিছু শাখা খোলা থাকবে

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৯
  • ৮৯

---

শবে কদর ও ঈদুল ফিতরের ছুটির মধ্যবর্তী দিনে সরকারি ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চ সরকারি ছুটির দিন হওয়ায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে।

এই নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত জনবল দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে পূর্বের নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) ছুটির দিনেও আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখা যাবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

দেশে ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7819 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 06:17:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh