
ঈদযাত্রা ঘিরে কোনো অন্যায় সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে এবং কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।
তিনি জানান, যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট কমাতে সরকার ও পুলিশের সমন্বয়ে কাজ চলছে। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসনের নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপি আরও বলেন, অনেক চালক ও হেলপার ট্রাফিক আইন সম্পর্কে সচেতন নন, যা যানজটের অন্যতম কারণ। এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বাস টার্মিনাল এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধপ্রবণ লোকজন থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
এছাড়া রাজধানীতে অবৈধ বাস কাউন্টার বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি। একইসঙ্গে নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আইন না জানা কোনো অজুহাত নয়—প্রত্যেকেরই দেশের প্রচলিত আইন জানা দায়িত্ব।