
আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে বৈঠকে তিনি বলেন, কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা, ভর্তুকি ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কৃষি সেবা সহজ করা প্রয়োজন।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের পরিচিতি নিশ্চিত করা হবে, ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ দেন।