• হোম > দেশজুড়ে > ক্ষমতা নয়, সংস্কারপন্থী প্রার্থী দিতে নির্বাচন করছি: নাহিদ ইসলাম

ক্ষমতা নয়, সংস্কারপন্থী প্রার্থী দিতে নির্বাচন করছি: নাহিদ ইসলাম

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬
  • ১৩৬

---

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সংস্কার ও গণঅভ্যুত্থান বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা সিট পাওয়ার হিসাব কষে নির্বাচন করছি না। আমাদের লক্ষ্য ৩০০ আসনে সংস্কারপন্থী প্রার্থী দেওয়া, যারা জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে।” তিনি এবারের নির্বাচনকে ‘গণভোট’ আখ্যায়িত করে বলেন, “ভোট হবে ‘হ্যাঁ’ বা ‘না’তে। ‘হ্যাঁ’ মানে সংস্কার ও গণঅভ্যুত্থানের অগ্রগতি, ‘না’ মানে আগের ব্যবস্থায় ফিরে যাওয়া।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোনয়নের জন্য ১৬০০ ফরম বিক্রি হয়েছে এবং যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১২৫ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রবাসী ও সংখ্যালঘুদের গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত কাউকেই মনোনয়ন দেওয়া হবে না।

নাহিদ ইসলাম বলেন, “প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করতে ব্যর্থ হয়েছে। তাই গণঅভ্যুত্থানের স্পিরিট রক্ষায় এনসিপির জন্ম হয়েছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে দলের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন বাধা সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচন কমিশনের প্রতি তিনি আহ্বান জানান, “মাফিয়া ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই নির্ধারণ করবে নির্বাচন কতটা সুষ্ঠু হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7692 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 03:37:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh