![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামটরস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১২৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
এনসিপির আহ্বায়ক কমিটি জানিয়েছে, প্রথম ধাপে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেগুলোতে দলীয় মূল্যায়ন, তৃণমূলের মতামত এবং যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়া হয়েছে। পরবর্তী ধাপে বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে।
ঢাকা-১১ এ লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা–১১ আসনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই আসনটিতে বিএনপি ইতোমধ্যে এম এ কাইয়ুমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ৩ নভেম্বর বিএনপির দেওয়া তালিকায় তার নাম প্রকাশ করা হয়। ফলে ঢাকা–১১ আসনে নাহিদ ইসলাম বনাম এম এ কাইয়ুম—একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পঞ্চগড়–১, কুমিল্লা–৪ ও অন্যান্য আসনে এনসিপির প্রার্থী
অন্যান্য গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থী হয়েছেন—
-
পঞ্চগড়–১: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
-
কুমিল্লা–৪: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
এ ছাড়া আরও কয়েকটি কৌশলগত আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি—
-
ঢাকা–৯: সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা
-
রংপুর–৪: দলটির সদস্য সচিব আখতার হোসেন
-
ঢাকা–১৮: মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
দলটি জানিয়েছে, তরুণ, তৃণমূলের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সাংগঠনিকভাবে সক্রিয়দের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে।
বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে
এর আগে, ৩ নভেম্বর বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।