• হোম > বাংলাদেশ > তফসিলের আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ

তফসিলের আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৬
  • ৮৯

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দুই ছাত্র প্রতিনিধি—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন বলে সূত্র জানিয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। বৈঠকে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ প্রসঙ্গ ওঠে এবং বেশির ভাগ সদস্য মত দেন—নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধিদের থাকা উপযুক্ত হবে না।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সে সময় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে। তাদের অন্তর্ভুক্তি তরুণদের বিজয়, ত্যাগ এবং পরিবর্তনের রাজনীতিতে সরাসরি ভূমিকার প্রতীক হিসেবে দেখা হয়েছিল।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উপদেষ্টা পরিষদের কাঠামোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার পদত্যাগ সেই পরিবর্তনের অংশ বলেই মনে করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7666 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 04:44:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh