• হোম > বাংলাদেশ > বিজয় বইমেলা ২০২৫ উদ্বোধন আজ

বিজয় বইমেলা ২০২৫ উদ্বোধন আজ

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১০
  • ১০০

---

বই, পাঠক আর সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা ‘বিজয় বইমেলা ২০২৫’ আজ থেকে শুরু হচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় এবার দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যা বইপ্রেমীদের জন্য বছরের শেষভাগে বড় উৎসব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

বুধবার বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাপুস সভাপতি রেজাউল করিম বাদশা।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা উদ্‌যাপন জাতীয় কমিটি মেলার বিস্তারিত বর্ণনা করে। জানানো হয়, এ বছরের মেলা হবে আরও বিন্যাসসমৃদ্ধ এবং পাঠকবান্ধব।

মেলার সময়সূচি:

  • ১০–২২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

  • কর্মদিবস: বেলা ২:৩০–রাত ৯টা

  • ছুটির দিন: বেলা ১১টা–রাত ৯টা

মেলায় প্রতিদিন থাকবে নানামুখী আলোচনাসভা ও সাংস্কৃতিক আয়োজন। বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে ‘যুক্তি-তক্কো-গপ্পো’, আর বটতলার নজরুল মঞ্চে থাকবে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক অনুষ্ঠান — যা মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও প্রজন্মগত ভাবনা বিনিময়ে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপুস পরিচালক আবুল বাসার ফিরোজ, মেলা আয়োজক কমিটির যুগ্ম সমন্বয়কারী রজ্জাক রুবেল, সহসমন্বয়কারী কাউছার আহম্মেদ প্রমুখ।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো নতুন বই প্রকাশ, লেখক–পাঠক মিলনমেলা, স্বাক্ষর প্রদানসহ আরও নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে। বইপ্রেমীরা বলছেন, বিজয় মাসের এই বইমেলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি মানুষের ভালোবাসাকে আরও গভীর করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7664 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 03:45:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh