• হোম > অর্থনীতি > বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি ১০.৩২ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি ১০.৩২ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৪
  • ১১৮

---

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক এলাকায় চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড একটি তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

আজ (৯ ডিসেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছে, কোম্পানিটি মোট ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ৩,১৫৮ জন বাংলাদেশী নাগরিকের জন্য কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।

উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) নারী, পুরুষ ও শিশুর জন্য বার্ষিক ১.৫৬ মিলিয়ন পিস টপস, টি-শার্ট, ট্রাউজার ও শর্টস এবং ৪.০১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও শর্টস উৎপাদন করবে।

বেপজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক মি. লি কিংকি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল উপস্থিত ছিলেন।

তিনি উইং তাই গার্মেন্টসকে স্বাগত জানিয়ে ব্যবসা পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন সহযোগিতা ও ব্যবসাবান্ধব পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল হক মজুমদার, এবং উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি এডভাইজর এ জেড এম আজিজুর রহমানসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7660 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 03:25:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh