• হোম > ঢাকা > মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: মামলার বিবরণে গৃহকর্তার দেওয়া তথ্য

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: মামলার বিবরণে গৃহকর্তার দেওয়া তথ্য

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪
  • ১৩৩

---

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন আ জ ম আজিজুল ইসলাম। মামলায় গৃহকর্মী মোছা আয়েশা (২০)কে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় সকাল ৭টা ৫১ মিনিটে আসামি কাজের জন্য বাসায় আসে। সকাল ৯টা ৩৫ মিনিটে সে বাদীর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায়। পালানোর সময় মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে যায়।

মামলায় বাদী আজিজুল ইসলাম উল্লেখ করেছেন, তিনি পেশায় শিক্ষক এবং পরিবার নিয়ে মোহাম্মদপুরে থাকেন। চার দিন আগে আসামি খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে তার বাসায় যোগ দেন। গতকাল সকাল ৭টার দিকে তিনি কর্মস্থলে যান। কর্মস্থলে থাকাকালীন স্ত্রীকে ফোন করার চেষ্টা করতে ব্যর্থ হন। বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন স্ত্রী গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মৃত। মেয়ের গলার নিচে ডান পাশে ক্ষতচিহ্ন রয়েছে। মেয়েকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদী লিখেছেন, বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আসামি সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় আসে এবং সকাল ৯টা ৩৫ মিনিটে বাসা থেকে পালায়। এছাড়া ফুটেজে স্পষ্ট হয়েছে যে, অজ্ঞাত কারণে আসামি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও মেয়েকে গুরুতর জখম করে হত্যা করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানিয়েছেন, আসামির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং পুলিশ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7654 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 11:24:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh