• হোম > বিদেশ > ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত; জাপান সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে

৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত; জাপান সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫
  • ৯৪

---

উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া দপ্তর সোমবার রাতে সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫৪ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সংঘটিত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে, জানিয়েছে রয়টার্স।

আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরে ভূমিকম্পকে জাপানের ১-৭ মাত্রার স্কেলে ‘আপার ৬’ হিসেবে রেকর্ড করা হয়েছে। এই মাত্রার কম্পনে হামাগুড়ি দেওয়া ছাড়া দাঁড়ানো বা নড়াচড়া করা প্রায় অসম্ভব।

হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে ডিসট্রিক্টে সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হলেও বিভিন্ন বন্দরে ২০–৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পের পরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ছাড়া অন্য কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই। ভূমিকম্পের কারণে বিভিন্ন অঞ্চলে রেলসেবা আংশিক বন্ধ থাকলেও সকালে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কোনো অনিয়ম দেখা যায়নি।

জাপান আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী এক সপ্তাহে আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ২০১১ সালের অভিজ্ঞতার আলোকে এই ‘মেগাকোয়েক’ সতর্কতা জারি রাখা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7650 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 09:43:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh